বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম, খুন, নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এসব অপরাধের জন্য শেখ হাসিনা দায়ী। হতাশ হওয়ার কিছু নেই, হাসিনার বিচার বাংলার মাটিতেই হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে এক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ প্রদর্শনীর আয়োজন করেন।
ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম-খুনের শিকার পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে। সরকার গুম কমিশনকে প্রকাশ্যে আনা এবং পাবলিক শুনানি করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। গুম-খুনের দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য তাদের জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, আমরা আশা করছি সরকার দায়ীদের বের করতে আন্তরিক চেষ্টা করবে।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনরা তাদের দীর্ঘদিনের বেদনা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, সরকার পরিবর্তন হলেও এখনো তারা ন্যায়বিচার পাননি, যা হতাশার জন্ম দিচ্ছে।
এম জি