যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তৃতীয় চালানে এলো আরও ৪২০ মেট্রিক টন চাল। এ নিয়ে ২৭টি ট্রাকে ৩ দিনে ৯৪৫ মেট্রিক টন মোটা চাল ভারত থেকে আমদানি করা হলো। েবুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন এবং বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করেছে।
আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এতে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, চার মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার প্রথম চালানে ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার দ্বিতীয় চালানে ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন এবং বুধবার তৃতীয় চালানে ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল এ বন্দরে এসেছে। তিন চালানে মোট ৯৪৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।
এনজে