গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় মরিয়ম বেগম নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম পান্তাপাড়া এলাকার আব্দুল হামিদের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে রংপুরগামী শঠিবাড়ি এক্সপ্রেস বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মরিয়ম বেগম নিহত হন। পরে বাসটি গোবিন্দগঞ্জ পৌর শহরের যানজটে আটকা পড়লে বাসের চালক শফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাংচুর চালায় এবং ৩ ঘন্টা ব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার আশ্বাসে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন।
এনজে