
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমার মেয়াদে সংস্কার কমিশনের দেওয়া সাংবাদিক সুরক্ষা আইন করে যাব। পাশাপাশি সাংবাদিকদের জন্য ৯ম ওয়েজ বোর্ড করার কাজও চলছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, সাংবাদিক সবাইকে সুরক্ষা ও কল্যাণের আওতায় আনা কঠিন। তারপরও সাংবাদিকদের কল্যাণে তথ্য মন্ত্রণালয় কাজ করছে। তিন মাস পরপর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে সহায়তা করা হচ্ছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্য পরিধি বাড়াতে কাজ চলছে। সাংবাদিকদের সন্তানদের বৃত্তির জন্য ২ কোটি টাকা অর্থ ছাড় হয়েছে। সাংবাদিকরা স্বাবলম্বী না হলে কোনো দল বা গোষ্ঠীর পাপেটে পরিণত হবে, এটা এড়ানো যাবে না।
তথ্য উপদেষ্টা বলেন, আমরা ৯ম ওয়েজবোর্ড করতে চাই। কিন্তু এটা খুবই জটিল একটি প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয় এটার সাথে সম্পৃক্ত। যে সময় দরকার তা পেলে করে দিয়ে যেতে পারব, না হলে একটা পর্যায় পর্যন্ত রেখে দিয়ে যাব পরবর্তী সরকার তা বাস্তবায়ন করবে।
তিনি বলেন, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের অনেকেই এখনো আড়ালে রয়ে গেছে। তাদের নিয়ে প্রতিবেদন হলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিতে সহজ হয়। তাই তাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানান তিনি।
এসময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, এখনও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। গত কয়েক দিনে হামলা চালিয়ে কয়েকজন সাংবাদিকদের আহত করা হয়েছে। আমরা এসব ঘটনার বিচার চাই। সাংবাদিকরা জীবনের নিরাপত্তা চায়।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ বলেন, কয়েকটি ইন্সুরেন্স কোম্পানি গ্রাহকের টাকা দিতে পারছে না। অনেকে টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে। রেখে যাওয়া সম্পদ বিক্রি করে গ্রাহকের টাকা দেয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, যে সব কোম্পানি গ্রাহকের টাকা দিতে পারছে না সরকার তাদেরকে ব্যাংক লোন দিলে তারা গ্রাহকে টাকা ফেরত দিতে পারবে। এতে করে মানুষের আস্থা ফিরে আসবে। অনুষ্ঠানে তিনি ডিআরইউকে আর্থিক সহযোগীতার আশ্বাস দেন।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন বলেন, গ্রাহকের আস্থা বাড়াতে দাবি পরিশোধকে অগ্রাধিকার দিতে হবে। যে কোম্পানি যত বেশি দাবি পরিশোধ করবে, ওই কোম্পানি তত বেশি বিমা পলিসি বিক্রি করতে পারবে। ন্যাশনাল লাইফ দাবি পরিশোধে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। ন্যাশনাল লাইফ ২০২৪ সালে দাবি পরিশোধ করে ১২০৮ কোটি টাকা। তার বিপরীতে প্রিমিয়াম অর্জন করে ২১০৬ কোটি টাকা।
গ্রুপ বিমার আওতার বাইরে থাকা সদস্যদের জন্য ১ লাখ টাকা সহযোগীতার ঘোষণা দেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও ডিআরইউ’র সহ-সভাপতি গাযী আনোয়ার।
বিএইচ