
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতপন্থি শিক্ষকদের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টিএসসি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “কিছু শিক্ষক শিবির নেতাদের মতোই অতিউৎসাহী আচরণ করছেন। এমনকি ভোটারদের ব্যালট দিতে বিলম্বও করছেন।” তবে তিনি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেননি।
হামিম আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভোটকে ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা সঠিক নেতৃত্ব বেছে নেবেন।
প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। বিকাল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এবারের নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন লড়ছেন। এছাড়া ১৮টি হল সংসদে ১ হাজার ৩৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন। প্রতিটি ভোটারকে ৪১টি ভোট দিতে হবে।
ভোটগ্রহণ হচ্ছে ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। ৮টি কেন্দ্রে ১৪টি গণনা মেশিনে ফলাফল গণনা শেষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফলাফল ঘোষণা করা হবে। ভোটগণনা সরাসরি প্রদর্শিত হবে এলইডি স্ক্রিনে।
বিএইচ