
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদ নির্বাচন ঘিরে ছাত্রদল ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ফেসবুক পেজে তিনি লিখেছেন, ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল। মনে রেখ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনো অপকর্ম করার চেষ্টা করলে চরম মূল্য দিতে হবে, ছাত্ররাই তাদের কেন্দ্রভিত্তিক ভোট পাহারা দেবে ইনশাআল্লাহ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী-বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এরমধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। আর ছাত্র ২০ হাজার ৯১৫ জন। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সবমিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে, সময় পাবেন ১০ মিনিট। ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ। যা আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
বিএইচ