
খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
তিনি বলেন, যারা নিহত ও আহত হয়েছে আমরা তাদের পাশে থাকব। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পুনর্বাসন করার উদ্যোগ নেয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছে আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নেব। আজকে আমরা যারা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য।
ডিসি বলেন, অবরোধকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের যে ৮দফা রয়েছে তার মধ্যে আমরা ৭টা অ্যাড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে বিষয়টির সমাধান হোক। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করব।
এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন। এ সময় খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে খাগড়াছড়িতে ১৪৪ ধারা চতুর্থ দিনের মতো জারি অব্যাহত রয়েছে। পরিস্থিতি থমথমে। শহরে বিভিন্ন পয়েন্টগুলোতে নিরাপত্তা বাহিনী চেকপোস্ট বসিয়েছে। সন্দেহভাজন হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।
পৌর শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত টমটম যানবাহন চলছে। বিশেষ করে এখানে বেড়াতে আসার পর্যটকরা রয়েছেন বেশি দুর্ভোগে। দূরপাল্লার যানবাহনগুলো এখান থেকে না ছাড়ার কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।
বিএইচ