
বিনিয়োগকারীদের সাথে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানিসমূহের মধ্যে সৃষ্ট বিরোধ বা অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে ২ বিধিমালা অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
অনুমোদন পাওয়া দুই বিধিমালা হলো “ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস ২০২৫” ও “চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট রেগুলেশনস ২০২৫”।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিএসইসির ৯৭৬তম কমিশন সভায় এই দুই বিধিমালা অনুমোদন করে সংস্থাটি। পরে এদিন বিএসইসির পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের সাথে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানিসমূহের মধ্যে সৃষ্ট বিরোধ বা অভিযোগ এই দুই প্রবিধানমালার আওতায় মধ্যস্থতা ও সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা যাবে। এর ফলে এ ধরণের বিরোধসমূহ জটিল ও সময়সাপেক্ষ আইনী প্রক্রিয়া ও এনফোর্সমেন্ট কার্যক্রম ছাড়াই অধিক দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি বা সমাধান হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
এছাড়াও এই দুই বিধিমালা স্টক এক্সচেঞ্জে প্রেরণ করা হবে এবং স্টক এক্সচেঞ্জ সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে তা কার্যকর করবে বলে জানায় বিএসইসি।
বিএইচ