
রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জন পোশাককর্মীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে এলেও রাসায়নিক পদার্থের কারণে যেকোনো সময় আবারও আগুন জ্বলে উঠতে পারে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের ওই রাসায়নিকের গুদামে প্রথমে আগুন লাগে। এরপর বিকট শব্দে পরপর ১০ থেকে ১৫টি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিপরীত পাশের পোশাক কারখানায়।
স্থানীয় বাসিন্দা ও বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধাপে ধাপে ১২টি ইউনিট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিএনসিসির সদস্যরা যুক্ত হন। টানা ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, গুদামে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়। ঘটনার পর থেকেই গুদামের মালিক পলাতক।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও, এটি সম্পূর্ণ নিভেছে বলা যাবে না। রাসায়নিক পদার্থের কারণে আগুন পুনরায় জ্বলে উঠতে পারে। তিনি আরও জানান, বুধবার সকালে বুয়েটের একটি দল রাসায়নিক পরীক্ষা করতে ঘটনাস্থলে যাবে।