
বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা ভাবে নানা উদ্যোগ ও কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বিনিয়োগ শিক্ষার প্রসারের মাধ্যমে বিনিয়োগকারীদের শিক্ষিত ও সচেতন করতে এবার জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
এরই অংশ হিসেবে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকল জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়। এর গত ৮ অক্টোবর এক চিঠির মাধ্যমে সকল জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা।
এই পত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে অনুলিপি প্রদান করে সকল জেলা তথ্য অফিসারগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। একইসাথে দেশের সকল বিভাগের বিভাগীয় কমিশনারকে পত্রের অনুলিপি প্রেরণ করা হয়েছে। এছাড়াও দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে সকল জেলা ও উপজেলা প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য তথা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ সকল জেলা ও উপজেলা প্রশাসনকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ওয়েবসাইটে ফিন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগ সচেতনতা কার্যক্রমকে একটি লিংক হিসেবে যুক্ত করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে জেলা/উপজেলা পর্যায়ে বিএসইসি কর্তৃক ফিন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগ সচেতনতা কার্যক্রম যেমন সেমিনার, কর্মশালা ইত্যাদি আয়োজনের ক্ষেত্রে সহায়তা ও সমন্বয় সাধনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চিঠিতে জেলা মাসিক সমন্বয় সভায় বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিষয়টি নিয়মিত আলোচনার অন্তর্ভুক্তকরণের কথা বলা হয়েছে। জেলা তথ্য অফিসের সহযোগিতায় এ বিষয়ে প্রচার প্রকাশনার উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখাকে পুঁজিবাজার বিনিয়োগ সংক্রান্ত তথ্য সরবরাহ করা ও সহযোগিতা প্রদানের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিএসইসি মনে করে, এর মাধ্যমে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজারে সচেতনতা সৃষ্টি কার্যক্রম আরো বেগবান হবে। পুঁজিবাজার অংশীজনসহ দেশের সকলের সহযোগিতায় দেশব্যাপী বিনিয়োগ শিক্ষার প্রচার, প্রসার ও বিকাশ ঘটাতে চায় বিএসইসি। সকলের সম্পৃক্ততায় জনসাধারণ ও বিনিয়োগকারীগণ বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হবেন ও সচেতন হবেন এবং দেশের পুঁজিবাজার ও অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা বিএসইসির।
এসকেএস