জামায়াতের আমিরের সঙ্গে লড়বেন বিএনপির শফিকুল আলম খান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১১-০৩ ২০:৫২:৩৫


ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী জাতীয় নির্বাচনে লড়বেন বিএনপি নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিকুল আলম খান মিল্টন। তিনি আগে থেকেই এলাকায় নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন বলে জানা গেছে।

সোমবার (৩ নভেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

এদিন বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএইচ