বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-০৫ ১২:১৪:৫৩

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মারছা বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বাস ও মাইক্রোবাস দুটি বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













