রাউজানে গোলাগুলি, বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১১-০৬ ০৮:১৯:৫৪


চট্টগ্রামের রাউজানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় এবং গোলাগুলির ঘটনায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দিনগত রাত ৯টার দিকে রাউজান বাগোয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরী পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হলেন- রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।

জানা গেছে, তারা সবাই স্থানীয় বিএনপির বিবদমান দুই গ্রুপের উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী।

এ হামলায় পদ স্থগিত থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদককে দুষছেন গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা।

এ বিষয়ে গোলাম আকবর খোন্দকারের অনুসারী রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিন চৌধুরী বলেন, ‘গিয়াস কাদের চৌধুরীর ক্যাডার সন্ত্রাসীর নেতৃত্বে সশস্ত্র হামলায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি বলেন, ‘৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনের উপস্থিতি সভা শেষে বাড়ি যাওয়ার পথে রাউজান বাগোয়ান কুইয়াপাড়া চৌধুরী পাড়া এলাকায় রাত ৯টার দিকে ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।’

তবে এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের অফিশিয়াল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি কখনো বন্ধ কখনো ব্যস্ত পাওয়া গেছে।

এনজে