নুরুল ইসলাম নয়ন
ধানের শীষের জয় হলে চরফ্যাশন ও মনপুরায় শিক্ষার উন্নয়ন ও মাদক মুক্ত পরিবেশ গড়ে তুলব
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-০৬ ২১:৪৭:৫৯

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন বলেছেন, ধানের শীষ প্রতীকের জয় হলে চরফ্যাশন ও মনপুরায় শিক্ষার উন্নয়নের পাশাপাশি যুব সমাজকে রক্ষায় মাদক মুক্ত পরিবেশ ও বহুমুখী পেশায় অগ্রাধিকার দেয়া হবে। একইসঙ্গে ভোলা জেলাকে নদী ভাঙন থেকে রক্ষায় টেকসই উন্নয়ন ও স্বাস্থ্যসেবার পাশাপাশি এই অঞ্চলকে পর্যটন খাতে উন্নয়ন করা হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, নারী শিক্ষার উন্নয়নে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাক্ষরতার হার বাড়াতে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেন। পাশাপাশি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান কৃষক, শ্রমিক, জেলে, মাঝি মাল্লা তথা খেটে খাওয়া মেহনতী মানুষের জীবন মান উন্নয়নে যে ভূমিকা রেখেছেন বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করলে ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষের কল্যাণে তার পথ অনুসরণ করবে।
কেন্দ্রীয় যুবদল সম্পাদক বলেন, নারী ভোটারদের সমর্থন না পেলে বড় ঝুঁকিতে পড়তে পারে বিএনপি। সারা বাংলাদেশে অর্ধেক নারী ভোটার রয়েছে। ইতোমধ্যে নারীদের বিভ্রান্তি করতে একটি দল মাঠে নেমেছে। কোনো কারণে যদি আমাদের মা বোনেরা বিভ্রান্ত হয়ে যায় তাহলে আমরা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। আমরা আজকে বাড়ি গিয়ে মা বোনদেরকে বিএনপির পক্ষে ভোট প্রার্থনার আহবান জানাব।
তিনি বলেন, আপনারা বিগত ৩২ বছর সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন। তিনিও আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সামনে আমাকে ধানের শীষ তুলে দিয়ে পাঠিয়েছেন। আমি চাই আজকেও আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ভবিষ্যতেও আমার পরে কেউ না কেউ ধানের শীষ নিয়ে আসবেন। তখনও আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কারণ আপনারা নাজিম উদ্দিন আলম সাহেব কিংবা আমার নেতাকর্মী নন। ভবিষ্যতে যারা আসবেন তাদেরও নেতাকর্মী নন। আপনারা জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী।
ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক-সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে গণসংবর্ধনায় আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম, ভোলা জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সেক্রেটারি আবদুল কাদের সেলিম।
এসময় স্থানীয় বিএনপিসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার ২১ ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে সংবর্ধনা স্থলে আসলে গণ সংবর্ধনা বিশাল সমাবেশে পরিনত হয়।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













