আজ বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-১১-০৭ ০৯:০১:০৯

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এয়ার কোয়ালিটি ইনডেক্সে যেখানে ৩০০ এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা সেখানে শহরটির একিউআই স্কোর দাঁড়িয়েছে ৬০৭-এ। একই সময়ে ১৬০ একিউআই স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। শুক্রবার সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির সূচক থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৪ গুণেরও বেশি রয়েছে।
আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে দক্ষিণ পল্লবী এলাকায়। এর পরেই রয়েছে মহাখালীর আইসিডিডিআরবি, কল্যাণপুর, মিরপুরের ইস্টার্ন হাউজিং, গোড়ান, মাদানি সরণির বেজ এজওয়াটার, বেচারাম দেউড়ি। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা ও পাকিস্তানের করাচি। শহরগুলোর বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













