মাতৃভাষা চর্চা ও প্রসারে খুলনায় ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-০৮ ১৮:০০:৪২


মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসারের লক্ষ্যে খুলনায় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বের সকল মাতৃভাষার সংরক্ষণ, পরিবর্ধন, পরিমার্জনের কাজ করে এই ইনস্টিটিউট বিশ্বের সকল মাতৃভাষার বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। মাতৃভাষা সংক্রান্ত গবেষণামূলক কাজের পাশাপাশি প্রতিবছর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানো ইনস্টিটিউটের মূল লক্ষ্য। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৪ সালে প্রথম আয়োজন করে। এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তৃতীয়বারের মতো দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করছে।

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় ক-ক্যাটাগরি: ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি এবং খ-ক্যাটাগরি: ১০ম থেকে ১২শ শ্রেণি। লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-২০২৬ অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইট www.imli.gov.bd -এ প্রবেশ করে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৬ সেবাবক্স থেকে রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে।

তারই ধারাবাহিকতায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে খুলনায় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড খুলনা অঞ্চলের বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়।

বেলুন ও ফেস্টুন উড়িয়ে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড খুলনা অঞ্চল পর্বের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মো. সামিউল হক,খুলনা জেলা শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমান, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে এবং আঞ্চলিক উপকমিটির সদস্যবৃন্দ।

স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালাম এবং সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড এর সদস্য-সচিব ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশাসন) ড. খিলফাত জাহান যুবাইরাহ্। অতিথিবৃন্দের বক্তব্যের পর প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয় ।

এ প্রতিযোগিতায় খুলনা অঞ্চল থেকে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি (ক) ক্যাটাগরিতে ২৩৭ জন এবং দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি (খ) ক্যাটগরিতে ৫৬ জন শিক্ষার্থী এবং সর্বমোট ২৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১ ঘণ্টাব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর মূল্যায়ন ও ফলাফল ঘোষণা পর্বে ভাষাবিজ্ঞানী ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালাম প্রমুখ প্রশ্নোত্তরপর্ব ও উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড.মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভাষা মানুষের পরম সম্পদ। মাতৃভাষা চর্চার মধ্য দিয়েই একটি জনগোষ্ঠী তার মনন, মেধা ও চিন্তা প্রকাশ করে। পৃথিবীতে অনেক মাতৃভাষা বিপন্ন অবস্থায় রয়েছে এসব ভাষা সঠিকভাবে চর্চা না করলে তা মৃত্যুমুখে পতিত হবে। কাজেই বিপন্ন ভাষা চর্চা, অনুশীলন, পুনরুজ্জীবন, নথিবদ্ধকরণ আবশ্যক। লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজনের লক্ষ্য বিশ্বের প্রতিটি মাতৃভাষা চর্চাকে উৎসাহিত করা। মাতৃভাষা হারিয়ে যাওয়া মানে ঐ ভাষার কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতা বিলীন হয়ে যাওয়া। ভাষা বিজ্ঞানীদের অনুমান আগামী ৫০/৬০ বছরের মধ্যে বিশ্বের শতকরা ৯০% ভাষা পৃথিবী থেকে হারিয়ে যাবে। ভাষা হোক সবার মত প্রকাশের স্বাধীনতার ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ কাজটি করে যাচ্ছে।

অনুষ্ঠান উদ্বোধক ও অন্যান্য অতিথিবৃন্দের বক্তব্যের পর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড এর সদস্য-সচিব এবং উপপরিচালক (প্রশাসন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ড. খিলফাত জাহান যুবাইরাহ্ বলেন, এ বছর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা অঞ্চলে ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিটি অঞ্চল থেকে ক-ক্যাটাগরিতে ১০ জন করে মোট ১০০ জন এবং খ- ক্যাটাগরিতে ১০ জন করে মোট ১০০ জন চূড়ান্ত পর্বে (আগামী বছরের জানুয়ারি মাসে সুবিধামতো সময়ে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নিবে। চূড়ান্ত পর্বে ২ ক্যাটাগরিতে ৩ জন করে মোট ৬ জন প্রধান উপদেষ্টার কাছ থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবেন এবং ক ও খ ক্যাটাগরি থেকে প্রথম ২ জন এ বছর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতে অনুষ্ঠানে একটি আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করে ফলাফল ঘোষণা করেন এবং সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

এসকেএস