এক মাসে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৯২৮ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৫-১১-০৮ ২০:৪২:৫০

গত এক মাসে লিবিয়া থেকে মোট ৯২৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তিন দফায় এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় চলতি বছর অক্টোবর মাসে তিন দফায় ৯২৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।
এর মধ্যে গত ৯ অক্টোবর প্রথম ফ্লাইটে ৩০৯ জন, ২৩ অক্টোবর দ্বিতীয় ফ্লাইটে ৩০৯ জন এবং ৩০ অক্টোবর আরও ৩১০ বাংলাদেশিকে ফেরত আনা হয়। তাদের মধ্যে অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকারও হয়েছিলেন।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার জানান, লিবিয়ার ত্রিপোলির তাজুইরা ও বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে এখনও অনেক বাংলাদেশি আটক রয়েছেন। তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য দূতাবাস কাজ করছে।
তিনি বলেন, লিবিয়ায় বাংলাদেশিদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিপদগ্রস্ত ও অনিয়মিত অবস্থায় থাকা অভিবাসীদের মধ্য থেকে স্বেচ্ছায় দেশে ফিরে যেতে ইচ্ছুকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গে কাজ করে যাচ্ছে।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











