
খেলাধুলা শিক্ষার্থীদের সুন্দর দেহ সুন্দর মন গড়ে তুলতে সহযোগিতা করে এছাড়া সাংস্কৃতিক চর্চা খুবই গুরুত্বপূর্ণ। ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষাকে প্রাণবন্ত ও আনন্দদায়ক এবং স্মৃতিময় করতে বিশেষ ভূমিকা পালন করে।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার খুলনা শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়–২০২৬ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) খুলনা তা’লিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত এ প্রতিযোগিতা শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আরিফুল ইসলাম ভূঁইয়া-এর সার্বিক তত্ত্বাবধানে এবং কো-অর্ডিনেটর মো. মাসুম বিল্লাহ-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোনাল ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ।
প্রতিযোগিতায় ২৪টি গ্রুপে ৪৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৫০টি ইভেন্টে ১৫০ জন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সমাজসেবক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসকেএস