সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে ওসি জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস নামে একটি বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহন নামে অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে একজনকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত দুই জনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এনজে