
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ তদন্ত কমিটির কথা জানানো হয়।
সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে নানা দুর্নীতির খবর প্রকাশিত হয়। এসব অভিযোগে আর্থিক অনিয়ম ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলো নিরপেক্ষ, এবং স্বচ্ছভাবে যাচাই করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
আদেশ অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড–১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন— তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস–১)।
কমিটিকে অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ, প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএইচ