মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকায় শুক্রবার মধ্যরাতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের বাসিন্দা ও সিএনজি চালিত অটোরিকশার চালক আলিনুর এবং মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকার বাসিন্দা ও সিএনজি যাত্রী রুবেল মিয়া এবং রেহান মিয়া।
স্থানীয়রা জানান, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসার পথে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।
মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফ বলেন, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ তিনটি হাসপাতালের মর্গে রাখা আছে।
এনজে