
এভিয়েশন ও ট্যুরিজম বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’ (বিএটিজেএ) নামে নতুন একটি সংগঠন আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
রাজধানীতে আয়োজিত এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটি গঠিত হয়েছে।
প্রতিষ্ঠাকালীন সভায় সর্বসম্মতিক্রমে নয় সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশ টিভির রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, দেশ সমাচারের মো: শাহাদাত হোসেন, এখন টিভির তানজিলা খান মীম, চ্যানেল২৪-এর কাজী ফয়সাল, দৈনিক ইত্তেফাকের মুহাম্মদ জাহাঙ্গীর কবির, দৈনিক ইনকিলাবের মেহেদী হাসান মুরাদ, নিউজ টোয়েন্টিফোরের আরিফুল ইসলাম এবং এটিএন নিউজের মাহতাব মিনহাজ।
নবগঠিত সংগঠনের নেতারা জানান, দেশের বেসামরিক বিমান চলাচল, বিমানবন্দর, এয়ারলাইন্স ও এভিয়েশন খাতসংক্রান্ত সংবাদে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তথ্যভিত্তিক ও মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করা এবং পেশাগত অধিকার রক্ষায় কাজ করবে সংগঠনটি।
বক্তারা আরও বলেন, এভিয়েশন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় এই বিটে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা এবং মতবিনিময় সভার আয়োজন করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা দৈনিক আমারদেশ-এর ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আবু দারদা যোবায়ের এবং চ্যানেল ২৪-এর হেড অফ ডিজিটাল রাজিব খান।
বিএইচ