শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চর শিধলকুড়া এলাকায় নসিমন ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে হানিফ দেওয়ান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত হানিফ দেওয়ান ভেদরগঞ্জ উপজেলার ফেরাঙিকান্দি এলাকার বাসিন্দা এবং মতি দেওয়ানের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক ও আহাজারি। আহতরা হলেন ইব্রাহিম (২৫) ও আল আমিন (৩৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ভেদরগঞ্জ থেকে মালামাল নিয়ে নসিমনযোগে নাগেরপাড়ায় গিয়েছিলেন হানিফ দেওয়ান। ফেরার পথে চর শিধলকুড়া এলাকায় হঠাৎ নসিমনের স্টিয়ারিং ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজি বাইকের ওপর গিয়ে পড়ে। সংঘর্ষের পর নসিমনটি উল্টে যায় এবং নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক হানিফ দেওয়ান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় ইজি বাইকের চালক ও এক যাত্রী আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী নাজির মিয়া জানান, শিধলকুড়ার ডাক্তার বাড়ির দিক থেকে আসা নসিমনটির স্টিয়ারিং হঠাৎ ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই সেটি সামনে থাকা অটো বাইকের ওপর আছড়ে পড়ে। এতে অটো চালক ও যাত্রী আহত হন। আর নসিমনের নিচে চাপা পড়ায় চালককে উদ্ধার করতে কিছুটা সময় লেগে যায়।
এ বিষয়ে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হঠাৎ ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনা আবারও গ্রামীণ সড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল ও নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে নিয়ে এসেছে। স্থানীয়দের দাবি, সড়কে শৃঙ্খলা ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত না করলে এ ধরনের মর্মান্তিক ঘটনা আরও ঘটতে পারে।
এনজে