কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-চিলমারী সড়কের বিসিক শিল্পনগরী সংলগ্ন যোগাযোগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান (৬৩) কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের অবসরপ্রাপ্ত কোল্ড চেইন টেকনিশিয়ান ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার নন্দিগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামে হলেও চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তিনি কুড়িগ্রাম শহরে বসবাস করছিলেন। আহত আব্দুল মতিন (৫৮) জেলা শহরের প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আজিজুর রহমান ও আব্দুল মতিন মোটরসাইকেলে করে শহর থেকে বিসিক শিল্পনগরীর দিকে যাচ্ছিলেন। এ সময় উলিপুর থেকে কুড়িগ্রামগামী একটি অ্যাম্বুলেন্স মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা দু’জনই সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল মতিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি আটক রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনজে