দেশের বাজোরে ফের বাড়ছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৈশ্বিক বাজার এবং স্থানীয় বাজার পর্যালোচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করেছে ।
আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
কার্যকর হওয়া নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে দুই লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায়। আগের দিন অর্থাৎ, সোমবার এটির দাম ছিল দুই লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এক দিনের ব্যবধানে ২২ ক্যারেটের ভরিতে বেড়েছে তিন হাজার ৩২৪ টাকা।
একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৬৪ হাজার ৭৭২ টাকা, যা আগের দিনে ছিলো দুই লাখ ৬১ হাজার ৬৮১ টাকা। অর্থাৎ, এ জাতের স্বর্ণের দাম বেড়েছে তিন হাজার ৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে নতুন মূল্য নির্ধারণ করা হয়।
বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের কাছ থেকে আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
এনজে