গাজীপুর মহানগরীর পুবাইলে (বাটপাড়া) রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুবাইল রেলওয়ের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শেখ হাবিবুর রহমান সরকার বাপ্পী (৩৫) গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সদস্য এবং সাতানি পাড়ার বড্ড সরকারের ছেলে। সজিব ভূঁইয়া (৪০) স্থানীয় নয়ানিপাড়া (মৃধা বাড়ি) এলাকার আশরাফ হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে গেছে।
পুবাইলে (বাটপাড়া) রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান মনির হোসেন বলেন, গেট নামিয়ে বাঁশি বাজিয়ে মোটরসাইকেল আরোহীদের সতর্ক করা হয়েছিল। তারা সেটা না মেনে গেটের পাশ দিয়ে ঢুকে পড়লে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক হোসেন জানান, বাপ্পী ও সজিব রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির মহানগর এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেলে থাকা দু’জন রেললাইনের পাশে ছিটকে পড়লে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে করমতলা খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষনা করে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনজে