গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী শারমিন আক্তার রুমার (৩৮) মৃত্যু হয়েছে। ঘটনার পর স্বামী রতন পালিয়ে গেছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল ৩ টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া (চন্নাপাড়া) এলাকার ইব্রাহিম খলিলের বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার রুমা নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি স্বামী রতন মিয়ার সঙ্গে চন্নাপাড়া এলাকায় ইব্রাহিম খলিলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অভিযুক্ত রতন মিয়া নেত্রকোনা সদর উপজেলার জয়নগর এলাকার মরম আলীর ছেলে। রুমার এটি দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে।
নিহতের সহকর্মী খোদেজা জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন বছর আগে রতন মিয়াকে বিয়ে করেন রুমা। তারা শ্রীপুর পৌরসভার ইব্রাহিম খলিলের বাসায় ভাড়া থেকে পারটেক্স গ্রুপের স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পারিবারিক বিভিন্ন বিঢয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। শুক্রবার দুপুরে আবারো তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী রতন ধারালো ছুরি দিয়ে রুমাকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল নাফিস জানান, রুমা আক্তারের বুকের পেছনে ছুরিকাঘাতের গুরুতর জখম রয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী রতনকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিধীন।
এনজে