বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ দশের মধ্যে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ শনিবার (৭ মার্চ) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৭২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী শহর ঢাকা।
একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২২৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা (স্কোর ২২৪)। তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে উগান্ডার কামপালা (স্কোর ১৮৫) ও নেপালের কাঠমন্ডু (স্কোর ১৭৬)। এছাড়া ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোর।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এনজে