
দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও ভয় মুক্ত সুশাসন দেখতে চায় বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানী ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও ইবি থেকে নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এসময় আমির হামজা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে, তা অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, একসময়ের সন্ত্রাস কবলিত কুষ্টিয়াকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় তাকে এমপি নির্বাচিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষার্থী ও নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মো. রুহুল আমিন, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা।
এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ নবনির্বাচিত এই সাংসদদের ফুল দিয়ে বরণ করে নেন ।
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিল্লুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মনজারুল আলম মিলন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল হাই , প্রফেসর ডঃ নাসির উদ্দিন মিঝি, প্রফেসর ডঃ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুহসিনা আক্তার জবা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল এলামনাই এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডক্টর আবদুল মান্নান, কোষাধ্যক্ষ ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শরীফ উদ্দিন প্রামানিক, এডভোকেট গাজী মহসিন, এডভোকেট আসাদুল্লাহ প্রমুখ ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । ইফতারের আগে অ্যাসোসিয়েশনের শিল্পীবৃন্দ হামদ-এ বারী তায়ালা, মাহে রমজানের গান ও ইসলামী সংগীত পরিবেশন করেন ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিএইচ