নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ভুইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। দুই মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে তারা এই বিক্ষোভ করেন।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে তারাবো পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
স্থানীয় ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারাবো পৌরসভার খাদুন এলাকার ভূইয়া ফেব্রিকস পোশাক কারখানায় ৪০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ তা দেই দিচ্ছি বলে টালবাহানা করে আসছিল।
বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে বলে জানায় মালিকপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
মালিকপক্ষ আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেন। এতে স্বাভাবিক হতে শুরু করে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল।
রূপগঞ্জ থানার এসআই হুমায়ূন আহমেদ বলেন, ‘মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে কাজে যোগ দেন।’
এনজে