
নগদ অর্থের ব্যবহার কমিয়ে আনতে ও ডিজিটাল লেনদেনের সুবিধা প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) কোম্পানির প্রধান কার্যালয়ে 'ক্যাশলেস বাংলাদেশ ইউনিট' স্থাপনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, ব্যাংকের ক্ষেত্রে উক্ত ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন পেমেন্ট সিস্টেম কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট উপব্যবস্থাপনা পরিচালক বা সমপর্যায়ের কর্মকর্তা এবং এমএফএস, পিএসপি ও পিএসও (ডব্লিউএলএমএ)-এর ক্ষেত্রে ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ব্যবস্থাপনা পরিচালকের অব্যবহিত এক ধাপ নিচের সংশ্লিষ্ট কর্মকর্তা।
এতে আরো বলা হয়, ইউনিট প্রধান ব্যতীত উক্ত ইউনিটে ব্যাংকের ক্ষেত্রে কমপক্ষে ৪ জন কর্মকর্তা এবং এমএফএস, পিএসপি ও পিএসওর ক্ষেত্রে কমপক্ষে ২ জন কর্মকর্তাকে বহাল করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ ও সমন্বয়ের জন্য ব্যাংকের ক্ষেত্রে ইউনিটের ফোকাল পয়েন্ট কর্মকতা হবেন উপমহাব্যবস্থাপক বা সমপর্যায়ের কর্মকতা এবং এমএফএস, পিএসপি ও পিএসওর ক্ষেত্রে ইউনিটের ফোকাল পয়েন্ট কর্মকতা হবেন ব্যবস্থাপনা পরিচালকের অব্যবহিত দুই ধাপ নিচের কর্মকর্তা।
সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, প্রতিবেদন প্রস্তুতি ও সমন্বয়ের জন্য ব্যাংকের ক্ষেত্রে ইউনিটের সহকারী ফোকাল পয়েন্ট কর্মকতা হবেন ন্যূনতম সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা সমপর্যায়ের কর্মকর্তা এবং এমএফএস, পিএসপি ও পিএসওর ক্ষেত্রে ইউনিটের সহকারী ফোকাল পয়েন্ট কর্মকর্তা হবেন ব্যবস্থাপনা পরিচালকের অব্যবহিত তিন ধাপ নিচের কর্মকর্তা।
ক্যাশলেস বাংলাদেশ ইউনিটের কর্মপরিধি
নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি সংক্রান্ত কার্যাবলী;
পরিপূর্ণ পেমেন্ট ইকোসিস্টেম গঠনের লক্ষ্যে খাতভিত্তিক সাপ্লাই চেইন পেমেন্ট মডেল উদ্ভাবন ও বাস্তবায়ন সংক্রান্ত কার্যাবলি;
আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ব্যাংক, এমএফএস, পিএসপি, পিএসও প্রতিষ্ঠানকে নির্দেশনা মোতাবেক 'ক্যাশলেস বাংলাদেশ ইউনিট' স্থাপনপূর্বক ইউনিটের তথ্য ব্যবস্থাপনা পরিচালক কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে ফরোয়ার্ডিং লেটার-সহকারে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে বলার নির্দেশনা দেওয়া হয়েছে।
এএ