নীলফামারীর সৈয়দপুরে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় প্লাবন হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।
নিহত প্লাবন উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর ধলাগাছ মোড়ের ওষুধ ব্যবসায়ী ইয়াসিন আলীর একমাত্র ছেলে।
এ বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা শহরের ওয়াপদা মোড় এলাকা দিয়ে মোটরসাইকেল আরোহী প্লাবন ঈদের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থল থেকে তার বাড়ি কয়েক কিলোমিটার দূরে। এ সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার সকালে সৈয়দপুর থানার ওসি বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় দ্রুতগামী ট্রাকটি ওই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্ততি চলছে।’
তিনি জানান, ঘাতক ট্রাকটি আটক করেছেন এলাকাবাসী, তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এনজে