নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভয়াবহ বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জনারদনসহ আরো দুজন আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম।
নিহত উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার জনারদনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে ছোট ফেনী নদীর খালে জনারদন ছেলে ঠাকুর চাঁনসহ তিনজনকে নিয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।
বর্তমানে রবিউল হোসেন আশঙ্কামুক্ত থাকলেও নিহতের বাবা জনারদনের অবস্থা গুরুতর। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এনজে