
রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা অবনতি হয়েছে। অন্যদিকে, বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে থাইল্যান্ডের চিয়াং মাই।
রোববার (২৯ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা চিয়াং মাইয়ের বায়ুর মানের স্কোর ২৪৩। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ১৮৮ এর অর্থ দাঁড়ায় সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
তৃতীয় অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ১৬০ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এর আগে শনিবার (২৮ মার্চ) ঢাকার বায়ু মাঝারি বা ভালো মানের ছিল। আজ থেকে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুললো। শুরু হয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম। ফলে ঢাকার অভ্যন্তরীণ সড়কে বেড়েছে যানবাহন চলাচল।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
এএ