বিশ্ববাজারে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর গত মার্চে লোহার দাম সবচেয়ে বেশি বেড়েছে।
অস্ট্রেলিয়ার ক্রান্তীয় ঝড় ও চীনের রাষ্ট্রায়ত্ত ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে খনি কোম্পানি বিএইচপি গ্রুপের বিরোধের কারণে এ দাম বাড়ছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
সিঙ্গাপুর এক্সচেঞ্জে স্টিল তৈরির এ প্রধান উপকরণের দাম বুধবার ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। গত মার্চে পণ্যটির দাম ৭ শতাংশের বেশি বেড়ে প্রতি টন ১০৫ ডলার ৪৮ সেন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে টানা দুই মাস দাম কমার প্রবণতা বন্ধ হলো। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জেও আকরিক লোহার দাম গত মাসে প্রায় ৮ শতাংশ বেড়েছে।
বাজার বিশ্লেষকরা এখন পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে অস্ট্রেলিয়ায় তৈরি হওয়া ডিজেল সংকটের দিকে নজর রাখছেন। বিশ্বের বৃহত্তম আকরিক লোহা উত্তোলনকারী দেশ অস্ট্রেলিয়ায় এখন ঘূর্ণিঝড়ের মৌসুম চলছে। বড় খনি কোম্পানিগুলো এখনো সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়ে কিছু জানায়নি। তবে ছোট উত্তোলন প্রতিষ্ঠান ফেনিক্স রিসোর্সেস লিমিটেড গত সপ্তাহে সতর্ক করেছে যে জ্বালানি সংকট এ খাতের কার্যক্রমে প্রভাব ফেলতে শুরু করেছে।
রিও টিন্টো গ্রুপ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে অস্ট্রেলিয়ার প্রায় ৮০ লাখ টন উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রতিষ্ঠানটি এর অর্ধেক পরিমাণ পণ্য দ্রুতই পুষিয়ে নেয়ার আশা করছে। সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দাম বর্তমানে টনপ্রতি ১০৬ ডলার ৭০ সেন্টে লেনদেন হচ্ছে। ডালিয়ান এক্সচেঞ্জ ও সাংহাইয়ের বাজারেও স্টিল এবং আকরিক লোহার দাম ঊর্ধ্বমুখী।
এনজে