
চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) উচ্চমানের পলিস্টার সুতা উৎপাদনের কারখানা নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমি লিজ-সংক্রান্ত আরেকটি চুক্তি করেছে টি কে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স লিমিটেড। এরইমধ্যে গ্রুপটি অঙ্গপ্রতিষ্ঠানের মাধ্যমে ওই অঞ্চলে জমি লিজ নিয়ে সুতা উৎপাদনের কার্যক্রম শুরু করেছে।
নতুন এই চুক্তির আওতায় টি কে গ্রুপ তাদের উচ্চমানের পলিস্টার সুতার উৎপাদন কার্যক্রম আরও সম্প্রসারণ করবে। এতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গ্রুপটির লিজ নেওয়া মোট ৩ দশমিক ৭৫ একর জমিতে ৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বেজা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মডার্ন সিনটেক্স জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এরইমধ্যে উচ্চমানের পলিস্টার সুতার জন্য শিল্প কারখানা স্থাপন করেছে। নতুন এই চুক্তির ফলে লিজ নেওয়া এ জমিতে ওই কারখানা সম্প্রসারণ করা হবে। প্রতিষ্ঠানটি এই অঞ্চলে ৩ দশমিক ৭৫ একর জমিতে ৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের বিদ্যমান সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ করবে।
প্রসঙ্গত, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে টি কে গ্রুপ বাংলাদেশের ভোগ্য পণ্য জগতে অন্যতম প্রধান কনগ্লোমারেট হিসেবে আবির্ভূত হয়েছে। ভোজ্যতেল, স্টিল গ্যালভানাইজিং, পার্টিকেল বোর্ড, চা, টেক্সটাইল, খাদ্য সামগ্রী, কন্টেইনার ও প্যাকেজিং, কাগজ শিল্প, শিপ বিল্ডিং ইত্যাদি খাতে গ্রুপটির বিনিয়োগ রয়েছে।
বেজার পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত সচিব ও নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ এবং মডার্ন সিনটেক্স লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) এবং নির্বাহী সদস্য (প্রশাসন ও অর্থ) উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, এনএসইজেডে মডার্ন সিনটেক্সের মতো দেশীয় শিল্পগোষ্ঠীর বিনিয়োগে বাংলাদেশে আমদানি নির্ভরতা হ্রাস পাচ্ছে।
তিনি আরও বলেন, বেজা বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করে শিল্প স্থাপনে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।
তিনি বিনিয়োগকারীকে দ্রুত শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য আহ্বান জানান এবং পরিবেশের উপাদানের ওপর প্রভাব কমিয়ে পণ্য উৎপাদনে জোর দেন।
মডার্ন সিনটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী বলেন, বেজার সহযোগিতায় এনএসইজেডে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। যার দ্রুত সম্প্রসারণে তারা কাজ করছেন।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৫টি শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং প্রায় ২০টি শিল্প প্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে। সাগরতীরের ২৫ কিলোমিটার দৈর্ঘ্যে গড়ে ওঠা দেশের বৃহত্তম এই পরিকল্পিত শিল্পাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান ছাড়াও নগর ব্যবস্থার সব সুযোগ সুবিধার সমন্বয় ঘটানো হচ্ছে।
এএ