ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে পাহাড়ি খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আল জাজিরার খবরে এমন তথ্য জানা গেছে।
ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি একটি খাড়া পাহাড়ি ঢাল বেয়ে নিচে পড়ে গেলে এই ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।
কাশ্মীর নিউজ সার্ভিসের (কেএনএস) তথ্যমতে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার ক্যানোট গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ৪২ আসনের বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন। বাসটি রামনগর শহর থেকে উধমপুর শহরের দিকে যাচ্ছিল।
সিভিল অ্যাডমিনিস্ট্রেটর প্রেম সিং জানান, একটি বিপজ্জনক বাঁক নেওয়ার সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই ১৯ জন যাত্রী প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। রামনগর সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালের এক চিকিৎসক জানান, নিহতদের অধিকাংশই মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে মারা গেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
বেপরোয়া ড্রাইভিং, জরাজীর্ণ রাস্তা এবং পুরনো যানবাহনের কারণে ভারতে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের অন্যতম শীর্ষস্থানে রয়েছে।
এনজে