
মাদক ও তামাকের বিষাক্ত ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করার লক্ষ্যে গণমাধ্যম ও চলচ্চিত্র শিল্পকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে মাদকবিরোধী সংগঠন ‘মানস’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, মাদক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি । এ ক্ষেত্রে ‘মানস’ এর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি গণমাধ্যম ও চলচ্চিত্রে মাদক ও তামাকজাত দ্রব্যের প্রদর্শন নিরুৎসাহিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ডা. অরূপ রতন চৌধুরী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে ‘মানস’ এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি গণমাধ্যম, চলচ্চিত্রসহ বিভিন্ন মাধ্যমে তামাক ও মাদকদ্রব্যের প্রদর্শনের নেতিবাচক প্রভাব তুলে ধরে এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী মাদক ও তামাকবিরোধী কার্যক্রম জোরদার করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতায় সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহবান জানান।
এসময় তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
বিএইচ