বায়ুর মান পর্যবেক্ষণকারি সংস্থা (আইকিউএয়ার) সূচকে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। এরপর ভারতের দিল্লি, তারপর পাকিস্তানের লাহোর এবং ঢাকা রয়েছে ৯ নম্বরে।
আজ শুক্রবার সকাল ৯টা ২৯ মিনিটে সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
ঢাকার আজকের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য।
তালিকার শীর্ষে অবস্থান করা কাঠমান্ডুর দূষণ স্কোর ২৪০ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৮৬ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এরপর পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ১৬৪ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আর ঢাকার দূষণ স্কোর ১২২।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে