মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে পাকিস্তানে জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটারপ্রতি ৬.৫১ রুপি ও ১৯.৩৯ রুপি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া নতুন দর ৮ মে পর্যন্ত বহাল থাকবে।
নতুন হিসাবে হাইস্পিড ডিজেলের (এইচএসডি) দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৩৯৯.৫৮ রুপি, যা আগে ছিল ৩৮০.১৯ রুপি।
অন্যদিকে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৩৯৯.৮৬ রুপি, যা আগে ছিল ৩৯৩.৩৫ রুপি। তবে ডিলার কমিশন ও অন্যান্য খরচ যুক্ত হয়ে পাম্পপর্যায়ে এই দাম কার্যত ৪০০ রুপির সীমা অতিক্রম করেছে।
মোটরসাইকেল ব্যবহারকারী ও পরিবহন খাতে ভর্তুকি অব্যাহত রেখে সরকার সাধারণ মানুষের ওপর চাপ কমানোর চেষ্টা করছে।
সরকার জানিয়েছে, আইএমএফ-এর সঙ্গে সমন্বয় করেই এই মূল্যবৃদ্ধি করা হয়েছে।
এনজে