বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের ফলে বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এ অবস্থায় রাজধানী ঢাকাতে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হলেও স্বস্তি মিলছে না বায়ুদূষণ থেকে। বর্ষার আভাসে ধুলাবালি কিছুটা কমলেও বাতাস এখনো স্বাস্থ্যঝুঁকির পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে এমন চিত্র উঠে এসেছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রকাশিত তালিকায় বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান রয়েছে শীর্ষে। রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) স্কোর রেকর্ড করা হয় ১৮১, যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রা হিসেবে বিবেচিত।
এরপরের স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির আইকিউএয়ারের স্কোর ১৫৬।
তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা; যার বায়ুমান স্কোর ১৩৫। আর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে জাকার্তা এবং কাবুল।
আইকিউএয়ার বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শও দিয়েছে।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০-এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ মারা যান।
এনজে