রাজধানীর কদমতলীতে একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ রবিবার ভোরে কদমতলী থানাধীন সাদ্দাম মার্কেটের গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তারা ওই এলাকার একটি নয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।
উদ্ধারকারী রাকিব জানান, ভোরের দিকে খবর পেয়ে বাসা থেকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
তিনি আরও জানান, দগ্ধ সালমা বেগমের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। পরে কালাম ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে। এরপর তারা কোনোমতে ঘর থেকে বের হন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এনজে