ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে সীমান্ত সংলগ্ন এলাকায় এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত খাদেমুল হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এই ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বনচৌকি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকার মেইন পিলার নম্বর ৯০৫/৬ এস-এর কাছাকাছি এই ঘটনা ঘটে। ওই সময় কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে অতর্কিত ছররা গুলি বর্ষণ করে।
বিএসএফের ছোড়া ওই ছররা গুলি খাদেমুলের মুখমণ্ডল, বুক ও মাথায় মারাত্মকভাবে বিদ্ধ হয়। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তিনি কোনোক্রমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিজ এলাকায় ফিরে আসতে সক্ষম হন। এরপর তার সহযোগী এবং স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এনজে