ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি-পরবর্তী দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের গাফিলতির দায়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বরখাস্ত আঞ্চলিক কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন। বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন রুট ঘুরে দেখেন।
এনজে