সিএফএ সোসাইটি বাংলাদেশ রাজধানীর শেরাটন হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে “১০ম প্রতিষ্ঠাবার্ষিকী গালা নাইট” উদযাপন করেছে। দেশের বিনিয়োগ পেশার উন্নয়ন এবং আর্থিক খাতের বিকাশে সংগঠনটির এক দশকের অবদানকে স্মরণীয় করে রাখতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ, শীর্ষস্থানীয় শিল্প ও আর্থিক খাতের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সিএফএ চার্টারহোল্ডার এবং বিনিয়োগ পেশাজীবীরা অংশগ্রহণ করেন। তারা দেশের আর্থিক খাতে নৈতিকতা, শিক্ষা এবং পেশাগত উৎকর্ষতার প্রসারে সিএফএ সোসাইটি বাংলাদেশের এক দশকের অবদানকে স্মরণ করেন।
শনিবার (৬ জুন) রাজধানীর শেরাটন হোটেলে জাঁকজমকপূর্ণ এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। মূল বক্তব্য উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম. মাসরুর রিয়াজ। তিনি “কনডুসিভ ফিসকাল পলিসি ফর এ বেটার ইনভেস্টমেন্ট ক্লাইমেট” শীর্ষক বক্তব্যে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সহায়ক রাজস্ব ও আর্থিক নীতির গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ভাইস প্রেসিডেন্ট, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রেসিডেন্ট এবং এসিসিএ বাংলাদেশ-এর কান্ট্রি হেড উপস্থিত ছিলেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর প্রেসিডেন্ট ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সিএফএ সোসাইটি বাংলাদেশ দেশে সিএফএ চার্টারহোল্ডার নিয়োগ ও পেশাগত উৎকর্ষতা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কে সম্মাননা প্রদান করে।
স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট ও শান্তা সিকিউরিটিজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি বাংলাদেশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
এছাড়া গত পাঁচ বছরে সিএফএ প্রগ্রাম-এ সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নিবন্ধনের ভিত্তিতে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো কে সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়গুলো হলো: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ব্র্যাক ইউনিভার্সিটি, এফবিএস-ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএ-ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। সংগঠনের কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫-২৬ অর্থবছরের, দুইজন সোসাইটি মেম্বার কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
গত এক দশকে সিএফএ সোসাইটি বাংলাদেশ দেশে সিএফএ ডেজিগনেশনের প্রসার, ধারাবাহিক পেশাগত শিক্ষা কার্যক্রম, গবেষণা ও অ্যাডভোকেসি উদ্যোগ, নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পৃক্ততা এবং বিনিয়োগ ও আর্থিক খাতের পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে সিএফএ সোসাইটি বাংলাদেশ ভবিষ্যতেও দেশের বিনিয়োগ পেশার উন্নয়ন, পুঁজিবাজারের বিকাশ এবং আর্থিক খাতের টেকসই অগ্রগতিতে সক্রিয়ভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এসকেএস