ইরান ও ওমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা টোল আরোপের পরিকল্পনা করছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি রুশ সংবাদ সংস্থা ‘ইজভেস্তিয়া’কে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই ট্রানজিট ফি-কে মূলত জাহাজের নিরাপত্তা ও অন্যান্য সেবামূল্য হিসেবে গণ্য করা হবে।
বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াত করে। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটের কারণে এই রুটে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ কমে গেছে।
এর ফলে বিশ্ববাজারে দৈনিক প্রায় ১৩ মিলিয়ন (১ কোটি ৩০ লাখ) ব্যারেল তেলের ঘাটতি দেখা দিয়েছে।
ঐতিহ্যগতভাবে ওমান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র এবং এই প্রণালীর অন্যতম তত্ত্বাবধায়ক। তবে দেশটি ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মার্কিন চাপ উপেক্ষা করেছে। ওমান জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে না।
সূত্র : গালফ নিউজ
এনজে