চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ১০৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৫ হাজার ১৫৮ জন হাজি। দেশটির বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৪৯ জন। চিকিৎসাধীন ১১ জন।
মারা যাওয়াদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ ও জেদ্দায় একজন মারা গেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা ৪৫ হাজার ১৫৮ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৫১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪১ হাজার ৬৪৭ জন রয়েছেন।
আর ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ হাজার ৭৫৮ জন, সৌদি এয়ারলাইনস ১৭ হাজার ৩৪৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে।
এখন পর্যন্ত মোট ১০৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪৩টি, সৌদি এয়ারলাইনস ৪৩টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
অন্যদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী।
এনজে