প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে আজ শনিবার সকালে কক্সবাজার যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
দিনব্যাপী এ সফরে প্রধানমন্ত্রী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং চকরিয়ায় এক রাজনৈতিক জনসভায় ভাষণ দেবেন।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে কক্সবাজারে এটিই তার প্রথম সফর। সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওয়ানা হয়ে সকাল ১০টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।
এরপর দুপুর ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন। সেখান থেকে জুলাই-২৪ আন্দোলনের কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বিশ্রাম ও মধ্যহ্নভোজ শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন। এরপর রাত ৮টায় লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
এনজে