বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী মীর নাদিয়া নিভিন অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে আইডিআরএর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তার পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
গত ২ মার্চ তারিখে আইডিআরএ’র চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করেন। এরপর থেকে আইডিআরএ’র চেয়ারম্যান কে হচ্ছেন এই নিয়ে নানা গুঞ্জণ ছিল বীমা খাতে। এরপর আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্য নিয়োগ নিয়ে কর্তৃপক্ষ আইন সংশোধন করে গত ৫ মে তারিখে গেজেট প্রকাশ করা হয়।
অন্তর্বর্তী সরকারের 'নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন নাদিয়া নিভিন। তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের নিরপেক্ষ পরিচালক হিসেবে যোগদেন ২০২৫ সালের অক্টোবর। ডেল্টা লাইফের একটি সূত্র জানায় এখনো তিনি ডেল্টা লাইফের নিরপেক্ষ পরিচালক হিসেবে আছেন।
অনলাইন ইংরেজী গণমাধ্যম “দি প্রেস্টিজ” নাদিয়া নিভিনের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। গত ১৩ এপ্রিল এই সাক্ষাৎকারটি অনলাইনে প্রকাশ করা হয়। এক সাক্ষাৎকারে নাদিয়া নিভিন জানান, তার জন্ম কুয়েতে। সেখানে কিছু দিন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। এরপর ৪র্থ শ্রেণীতে পড়ার সময় বাবা-মা সাথে দেশে আসেন।
২০০৬ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টোতে মাস্টার্স করেন নাদিয়া নিভিন। তিনি হার্ডাড ইউনিভার্সিটি থেকে জনপ্রশাসনে মাস্টার্স করেন।
নাদিয়া নিভিন কর্মজীবন শুরু করেন ২০০৭ সালের আগষ্ট মাসে। ইউএনডিপির প্রোগ্রাম অফিসার হিসেবে। বাংলাদেশ সরকারের ‘এটুআই’ কর্মসূচিতেও কাজ করেন তিনি।
নাদিয়া নিভিন আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করেন ২০০৯ সালে। প্রথম নিয়োগ পান জার্মানিতে। পরে নিউইয়র্কে ইউএনডিপির সদর দপ্তরে গ্লোবাল ইলেকশনস টিমের সদস্য হিসেবে কাজ করেন। এই টীমের কাজ ছিল বিশ্বের বিভিন্ন দেশের ইউএনডিপি কান্ট্রি অফিসগুলোকে নির্বাচন বিষয়ক নীতিগত সহায়তা প্রদান।
নির্বাচন বিষয়ক প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে আফগানিস্তানে কাজ করেন ২০১৩ সালে। এই কর্মসূচিতে নির্বাচন, সংসদ, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, কেন্দ্রীয় প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি এবং লিঙ্গসমতা উন্নয়ন নিয়ে কাজ করেন।
এরপর কয়েক বছরে পাকিস্তানের সাবেক ফেডারেল শাসিত উপজাতীয় (ফাটা) অঞ্চল ও খাইবার পাখতুনখোয়ায় কাজ করেন। এখানে তিনি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন কর্মসূচি নিয়ে কাজ করেন। নাদিয়া নিভিন মালয়েশিয়ায় কাজ করেন ২০১৮ সালে। মালয়েশিয়ার তিনি নির্বাচন কমিশন, সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্নীতিবিরোধী নীতিনির্ধারণী সংস্থা এবং আরও অনেক জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন।
মায়ানমারে কাজে যোগদেন ২০২০ সালে মার্চে। এখানে তিনি ডিজিটাল স্বাস্থ্যসেবা, সীমান্তভিত্তিক টিকাদান কার্যক্রম এবং জাতিসংঘের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মানবাধিকার বিষয়ে কাজ করেন।