
আগামী ২৩শে জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয়তাবদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।
রোববার (২১ জুন) রাজধানীর শাহবাগে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, রাজনৈতিক অঙ্গনে কিছু গোষ্ঠী পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ছাত্রদল সহ-সভাপতি বলেন, "জামায়াত-শিবির গিরগিটির ন্যায় রং বদলায়। তাদের দ্বারা-ই নিষিদ্ধ লীগ পুনর্বাসিত হচ্ছে। বাংলাদেশের সাম্যাবস্থা তাদের সহ্য হয় না।"
তিনি বলেন, "বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জামাই আদরে রাখা হয়। বাংলাদেশ তাদের জন্য স্বর্গরাজ্য। যারা মিথ্যা অভিযোগ করছে, তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে।"
সমাবেশকে কেন্দ্র করে 'স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার', 'নিষিদ্ধ লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান'- স্লোগানে মুখরিত হয় সমগ্র শাহবাগ এলাকা।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ডাঃ সাব্বির, ডাঃ প্রিন্স, শাহ পরান, মিরাজ হোসেন, মেহেদী, কামরুল, আশরাফুল-সহ নেতৃবৃন্দ।
বিএইচ